চট্টগ্রামে ধর্ষণ মামলায় সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক তরুণীকে গণধর্ষণের দায়ে সাত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।

আসামিরা হলেন আবদুল মালেক, বদর রহমান, দেলোয়ার হোসেন, কামালউদ্দিন, মোক্তার হোসেন, শামসুদ্দিন ও রিয়াজুর রহমান। তাঁদের বাড়ি চন্দনাইশ উপজেলায়।

আদালত সূত্র জানায়, ধর্ষণের শিকার ২৪ বছর বয়সী তরুণীটি পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় থাকতেন। ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর তরুণীটি মা আর ছোট বোনকে নিয়ে বাসে করে সাতকানিয়ায় খালার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার দেওয়ান হাট আরাকান সড়কে পৌঁছালে বাসটির চালকের সহকারী রিয়াজুর রহমান বাসটি আর যাবে না বলে যাত্রীদের সবাইকে নামিয়ে দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনার শিকার তরুণীটি তাঁর মা ও বোনকে সঙ্গে নিয়ে আরেকটি বাসের জন্য অপেক্ষা করছিলেন। সহযোগিতার নাম করে ওই সময় রিয়াজুর রহমান তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে তরুণীকে ধর্ষণ করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।