চট্টগ্রামে ধর্ষণ মামলায় পাঁচজনের যাবজ্জীবন
ধর্ষণ মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: করিম, আবদুল জলিল, আবু তাহের, মো. জামাল ও মো. শরীফ ওরফে কালু। আসামিদের মধ্যে আবু তাহের পলাতক রয়েছেন।সূত্র জানায়, গত বছরের ২৩ মার্চ এক তরুণী (২০) গ্রামের বাড়ি আনোয়ারা থেকে কর্মস্থল চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য সুরমা পুকুরপাড় এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে জোর করে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই সময় টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে। এ ঘটনায় আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি চন্দন কুমার তালুকদার বলেন, গত বছরের ২৫ এপ্রিল পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। একই বছরের ১৯ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। সাতজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত পাঁচজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।