চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার
এক নারীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে ফটিকছড়ির ভুজপুরে ওই নারীকে ধর্ষণ করেন তিন যুবক। গ্রেপ্তার হওয়া দুজন হলেন: সাহাবুদ্দিন, শাহাবুদ্দিন ও ইলিয়াছ। তাঁদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্র জানায়, চল্লিশোর্ধ্ব এই নারী নোয়াখালী থেকে মাইজভান্ডার শরিফের ওরসে যোগ দেন। গত শনিবার রাতে শহরে আসার উদ্দেশে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। মাইজভান্ডার থেকে আসার পথে অটোরিকশার দুই যাত্রী নেমে যান। এ সময় চালক সাহাবুদ্দিন ও তাঁর সহকারী ছিলেন। পরে তাঁরা অটোরিকশাটি ঘুরিয়ে ভুজপুর এলাকার একটি চা-বাগানে নিয়ে মহিলাকে ধর্ষণ করেন। পরে ওই নারী রাতেই স্থানীয় লোকজনের কাছে ঘটনাটি জানান। লোকজন তাৎক্ষণিক এক ধর্ষককে আটক করে। গতকাল রোববার বাকি দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।