চট্টগ্রামে ধর্ষণের দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে এক কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের দায়ে পাঁচজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল রোববার এই আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল গ্রামের রশিদ আহমেদ, মোহাম্মদ কেনু, নাসির, কবির আহমেদ ও নূরুল আবছার। তাঁরা সবাই পলাতক রয়েছেন।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৯৭ সালের ১১ এপ্রিল আসামিরা ১৬ বছর বয়সী ওই কিশোরীকে তার বাড়ি থেকে অপহরণ করেন। ওই সময় ওই কিশোরীর মাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পাশের পাহাড়ে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয়।
অপহরণের পর কিশোরীর মায়ের চিৎকারে লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাহাড় থেকে কিশোরীকে উদ্ধার করেন তাঁরা। সে সময় লোকজনের উপস্থিতি টের ধর্ষণকারী পাঁচজন দৌড়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের চিনে ফেলেন।
ঘটনার পরদিন কিশোরীর মা বাঁশখালী থানায় মামলা করেন। একই বছরের ২৪ আগস্ট পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৯৯৮ সালের ১০ আগস্ট পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার তালুকদার প্রথম আলোকে বলেন, আদালত ১৯৯৫ সালের নারী নির্যাতন দমন বিশেষ আইনের ৬ (৩) ও ৯ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে আসামিদের সবাইকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেন।