চট্টগ্রামে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম পৃথক দুটি মামলায় এই রায় দেন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন আনোয়ারার লোকমান (৩৫) ও বাঁশখালীর আমির হামজা (৪০)। তাঁরা পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ২৭ জানুয়ারি আনোয়ারা সদর এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় লোকমানকে আদালত সাজা দেন। এ ছাড়া ১৯৯৮ সালের ১৭ আগস্ট বাঁশখালীর এক তরুণীকে ধর্ষণের দায়ে আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন একই আদালত।
ডাকাতের যাবজ্জীবন
চট্টগ্রামের সাতকানিয়ায় চৌকিদার হত্যা মামলায় রমেশ দাশ নামের এক ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্যাহ এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডাদেশ পাওয়া আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। ২০০৪ সালের ১২ অক্টোবর সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের দস্তিদার হাটে পাহারাকালে একদল ডাকাত চৌকিদারদের ওপর গুলি চালায়। এ সময় ইদ্রিস নামের এক চৌকিদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মো. ইউসুফ সাতকানিয়া থানায় মামলা করেন।