চট্টগ্রামে ধর্ষণের দায়ে ৬০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ, ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা করা একটি মামলায় দোষী প্রমাণিত হওয়া ব্যক্তিকে মোট ৬০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। দণ্ডিত আসামির নাম আহমদ হোসেন (২৮)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। ২০০৭ সালে উপজেলার জাফরাবাদ গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের দুটি ধারায় মামলাটি করা হয়। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আহমদ হোসেনের বিরুদ্ধে মামলাটির দুটি ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। দুটি পৃথক ধারায় দোষী প্রমাণিত হওয়ায় পৃথকভাবে তাঁকে ৩০ বছর করে মোট ৬০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুই ধারায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ জরিমানাও করা হয়েছে। একটি ধারায় সাজা ভোগের পর অন্য ধারার সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’ রায় ঘোষণার সময় আহমদ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। চন্দন তালুকদার জানান, রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২২ মার্চ চন্দনাইশ উপজেলার জাফরাবাদ গ্রামের মো. ইউনূসের মেয়ে তানিয়া সুলতানা ওরফে হিরুকে মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণ করে আহমদ হোসেন ও তাঁর সহযোগীরা। তানিয়া সাতবাড়িয়া শাহ আমানত মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। অপহরণের পর তানিয়াকে নগরের বহদ্দারহাট এলাকায় নিয়ে আসে অপহরণকারীরা।