চট্টগ্রামে ধর্ষণের দুই মামলায় তিনজনের যাবজ্জীবন
চট্টগ্রামে শিশু ধর্ষণসহ পৃথক দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নুরুল আলম, মামুনুর রশিদ ও দেলোয়ার হোসেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, নগরের চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকায় ২০১৩ সালের ২৭ আগস্ট ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শিশুর বাবা মামলা করেন। পরে পুলিশ নুরুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তিনজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
জেসমিন আক্তার বলেন, ২০১০ সালের ২০ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী থেকে এক তরুণীকে অপহরণ করে হোটেলে আটকে রেখে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়। তদন্ত শেষে পুলিশ মামুনুর রশিদ ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত পৃথক দুই ধারায় দুই আসামিকে দুবার করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের দেড় লাখ টাকা করে জরিমানাও করা হয়। দুই আসামির মধ্যে দেলোয়ার পলাতক।