চট্টগ্রামে ধর্ষণের শিকার আদিবাসী কিশোরী দুজন আটক
চট্টগ্রামে বেড়াতে এসে আবাসিক হোটেলে আদিবাসী এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর বাড়ি বান্দরবান সদর উপজেলায়। ওই ঘটনায় চান্দগাঁও থানা পুলিশ হোটেলের মালিক মো. আলমগীর ও ব্যবস্থাপক শিবলীকে আটক করেছে।পুলিশ জানায়, ওই ছাত্রী তার চাচার সঙ্গে চট্টগ্রামে বেড়াতে যায়। গত বুধবার রাতে বান্দরবান যাওয়ার বাস না পেয়ে তারা বহদ্দারহাট মোড়ের ডায়মন্ড হোটেলে একটি কক্ষ ভাড়া নেয়। রাত দুইটার দিকে হোটেলের ব্যবস্থাপক ও মালিক কক্ষে ঢুকে তাদের কাছ থেকে মুঠোফোন, টাকা-পয়সা ও স্বর্ণালংকার কেড়ে নেন। পরে ওই মেয়ের চাচার মুখ ও চোখ বেঁধে তারা কিশোরীকে ধর্ষণ করেন। পরদিন বৃহস্পতিবার আহতাবস্থায় কিশোরীকে বান্দরবানে পাঠানো হলে অভিভাবকেরা তাকে হাসপাতালে ভর্তি করেন। মানবাধিকার কর্মী ওয়াংথিন মারমা জানান, দুর্বৃত্তদের কাছ থেকে ছাড়া পেয়ে গত বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর আত্মীয় তাঁকে ফোনে বিপদের কথা জানায়। তাদের হাতে কোনো টাকা না থাকায় চট্টগ্রামে পরিচিতি লোকজনের মাধ্যমে ওই ছাত্রীকে বান্দরবানে পাঠানো হয়।বৃহস্পতিবার রাতে ওই কিশোরী বান্দরবান সদর থানায় লিখিত অভিযোগ দেয়। পরে বান্দরবান সদর থানা থেকে অভিযোগটি নগরের চান্দগাঁও থানায় পাঠানো হয়। গতকাল শুক্রবার ওই অভিযোগ মামলা হিসেবে নেয় চান্দগাঁও থানা পুলিশ। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুর রব জানান, গতকাল অভিযোগের কপি পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা করা হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।