চট্টগ্রামে ধর্ষণের শিকার কিশোরীর জবানবন্দি
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে দুই কিশোরীকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনে একজনের মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী কিশোরী। মহানগর হাকিম মুনতাসির আহম্মদের আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয় সে। ছয় পৃষ্ঠার জবানবন্দিতে সে জানায়, জাহাঙ্গীর ও রফিকুল ইসলাম চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের দুজনকে বাসায় আটকে রেখে দুই রাত পালাক্রমে ধর্ষণ করে। সময়মতো চিকিৎসকের কাছে না নেওয়ায় ধর্ষণের শিকার রুমা আক্তারের (১৩) মৃত্যু হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় প্রথমে অপমৃত্যু মামলা হলেও গত ৫ এপ্রিল বেঁচে থাকা কিশোরী বাদী হয়ে নারী নির্যাতন আইনে মামলা করে। এ মামলায় জাহাঙ্গীর ও রফিকুল ইসলাম ছাড়াও বহদ্দারহাটের কসাইপাড়ার আসামিদের বাড়ির মালিক ইউসুফকে আসামি করা হয়। জবানবন্দিতে কিশোরী জানায়, সে ও রুমা কক্সবাজারে এক বাসায় গৃহপরিচারিকার কাজ করত। রফিক রুমার পূর্বপরিচিত। রফিক চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ৩০ এপ্রিল তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম আনে।জবানবন্দিতে কিশোরী আরও জানায়, বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে রফিক ও জাহাঙ্গীর তাদের দুজনকে বহদ্দারহাটের কসাইপাড়ায় নিজেদের টিনশেডের ভাড়াবাসায় নিয়ে যায়। সেদিন রাতে তারা দুজনে রান্নাবান্না করে রফিকসহ খাওয়াদাওয়া করে। রাত আট-নয়টার দিকে জাহাঙ্গীর বাসা থেকে চলে যায়। রাতে রফিক এক কক্ষে ও দুই বান্ধবী অন্য একটি কক্ষে ঘুমোতে যায়। পরে রফিক তাদের কক্ষে ঢোকে। প্রথমে রুমা ও পরে সে ধর্ষণের শিকার হয়। বাধা দিতে গেলে রফিক তাদের প্রাণনাশের হুমকি দেয়।কিশোরী জানায়, ধর্ষণের শিকার রুমা রাতেই অসুস্থ হয়ে পড়ে। পরদিন কিছু ওষুধ এনে দিয়ে রফিক চলে যায়। ওই দিন বিকেলে রুমার জ্বর আসে এবং সে বমি করতে থাকে। এ ছাড়া তার রক্তক্ষরণ হতে থাকে। ওই রাতে জাহাঙ্গীর এসে আবার তাদের দুজনকে ধর্ষণ করে। কিশোরী আরও জানায়, ‘পরদিন ২ এপ্রিল প্রথমে স্থানীয় একজন চিকিৎসককে দেখিয়ে রুমাকে স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ওখানে লাশ রেখে জাহাঙ্গীর ও ইউসুফ আমাকে নিয়ে চলে আসে। এ ব্যাপারে মুখ খুললে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে আমি বিষয়টি ফোনে কক্সবাজারে রুমার স্বজনদের জানাই।’