চট্টগ্রামে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নগরের রিয়াজউদ্দিন বাজারের আল্লার দান মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে নকল বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। ওই কক্ষটি নকল তার তৈরির কারখানা হিসেবেও ব্যবহার করা হতো। তার তৈরির মেশিন পাওয়া গেছে সেখানে। গতকাল রোববার বিকেলে এ অভিযান চালায় নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি কোম্পানির নামে তৈরি করা নকল তার ও তার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শুরুর আগে কারখানায় কর্মরত ব্যক্তিরা পালিয়ে যান। কারখানাটিতে ইস্টার্ণ ক্যাবলস, সুপার সাইন, বিআরবি ক্যাবলস ও বিবিএস ক্যাবল নামের চারটি তার কোম্পানির লেবেলও পাওয়া যায়। কারখানায় নকল তার তৈরি করে ওই চারটি কোম্পানির লেবেল লাগিয়ে বাজারজাত করা হতো। নিম্নমানের এসব তার ব্যবহার করলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হবে।