চট্টগ্রামে নগর খাদ্য উৎপাদন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ‘নগর খাদ্য উৎপাদন দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার নগরের মুসলিম হল প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ। বক্তব্য দেন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, করপোরেশনের সচিব রশিদ আহমদ ও প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও নগর অংশীদারির মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পে অংশগ্রহণকারীদের চেক প্রদান ও পুরস্কার বিতরণ। এদিকে আলোচনা সভা শুরুর আগে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত মেলায় ১৮টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।