চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনারের মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ্ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার নগরের সার্কিটহাউস মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভা পরিচালনা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। মতবিনিময় সভায় নবনিযুক্ত কমিশনার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। চট্টগ্রামকে সচল রাখলে সারা দেশ সচল থাকবে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যত দিন এখানে থাকব, তত দিন আপনাদের সহযোগিতা চাইব। আগামী দিনের করণীয় সম্পর্কে পরামর্শ চাইব।’ বিভাগীয় কমিশনার বলেন, ‘যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে ই-মেইলে অথবা মুঠোফোনে যোগাযোগ করতে পারেন। আমি ২৪ ঘণ্টা সেবক হিসেবে থাকতে চাই, সেভাবে পরিচিত হতে চাই।’