চট্টগ্রামে নতুন বিশপকে সংবর্ধনা
চট্টগ্রাম ধর্মপ্রদেশের নবনিযুক্ত ধর্মপাল বিশপ মজেশ এম কস্তাকে গতকাল শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে।সকালে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। নগরের সেন্ট প্লাসিডে এ অনুষ্ঠান হয়।সন্ধ্যায় নতুন বিশপকে ফুল দিয়ে অভিনন্দন জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। সংবর্ধনা অনুষ্ঠানে অভিনন্দন জানিয়ে বিশপ বলেন, ‘চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার জন্য আপনারা প্রত্যেকে নিজেদের ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। আর এ শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্ব সবার।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম ধর্মপ্রদেশের সহকারী ফাদার ফিলিপ ডি রোজারিও। বিদায়ী বিশপ ফাদার প্যাট্রিক ডি রোজারিও নতুন বিশপকে চট্টগ্রামে স্বাগত জানান।দিনব্যাপী আয়োজনে আদিবাসীদের কলসি নৃত্য, চাকমাদের চিরায়ত সংস্কৃতি ও বাঙালি সংস্কৃতির মিশ্রণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।