চট্টগ্রামে নাগরিক সনদ দিচ্ছেন স্কুলশিক্ষক!
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান ও সচিব আবুল মকছুদ পবিত্র হজ করতে গেছেন। তাঁদের অনুপস্থিতিতে ওই ওয়ার্ডের নাগরিকদের সনদ দিচ্ছেন গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি। তিনি পেশায় শিক্ষক। অথচ ওয়ার্ড কাউন্সিলরের অনুপস্থিতিতে নিয়ম অনুযায়ী ওই এলাকার সংরক্ষিত মহিলা কাউন্সিলরের প্রত্যয়ন করা এবং নাগরিক সনদ দেওয়ার কথা।সাধারণ নাগরিক হয়ে কীভাবে নির্বাচিত প্রতিনিধির মতো নাগরিকদের সনদ দিচ্ছেন জানতে চাইলে গিয়াস প্রথম আলোকে বলেন, ‘কোনো সমস্যা নেই। আপনার প্রয়োজন হলে সনদ দিয়ে দেব। কাল সকাল ১০টায় আসেন।’ এ সনদ নিয়ে কোনো সমস্যা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেও সমস্যা হবে না।’ আপনি কীভাবে সনদ দেন জানতে চাইলে তিনি বলেন, ‘কাউন্সিলর শামসুজ্জামান আমাকে সনদের মুণ্ডা দিয়ে গেছেন। আমি সনদ দিয়ে দিচ্ছি।’চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী ওয়ার্ড কাউন্সিলরের অনুপস্থিতিতে ওই এলাকার মহিলা কাউন্সিলর প্রত্যয়ন করবেন এবং নাগরিক সনদ দেবেন। তিনি না থাকলে পাশের ওয়ার্ডের কাউন্সিলর এ দায়িত্ব পালন করবেন। কোনো সাধারণ নাগরিকের এ ধরনের সনদ দেওয়ার সুযোগ নেই। স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর জাহানারা বেগম বলেন, ‘গিয়াস কীভাবে সনদ দেন, তা আমি জানি না। এটা জানা আমার দায়িত্বও নয়। ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হজে যাওয়ার সময় আমাকে কিছু বলে যাননি। তবে কোনো নাগরিক আমার কাছে এলে আমি সনদ দিয়ে দিচ্ছি।’ জানা গেছে, শামসুজ্জামান গত জুনে অনুষ্ঠিত সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন। তিনি জামায়াত সমর্থিত কাউন্সিলর হিসেবে প্রার্থী হয়েছিলেন।