চট্টগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রামে গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন পালিত হয়েছে। আলোচনা সভাগুলোতে বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবন তুলে ধরে বাঙালি সাংস্কৃতিক চেতনায় শিশুদের গড়ে তোলার আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের শহীদ মিনার চত্বরে শিশু জমায়েত, শিশু নৃত্য, শিশুদের গান ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ ছাড়া বঙ্গবন্ধু শিশু-কিশোর পরিষদের উদ্যোগে সন্ধ্যায় লালদীঘি ময়দানে সমাবেশ হয়।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ডিসি হিলে শিশু-কিশোর সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা-ছড়া পাঠের আসর, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।