চট্টগ্রামে নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ তিথির একই দিনে তিন ঘটনাকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বুদ্ধপূর্ণিমা পালন করেছেন।গতকাল সকাল থেকেই চট্টগ্রামে বৌদ্ধ বিহারগুলোয় ভিড় দেখা গেছে। নানা রকম মধু-মিষ্টান্ন, ফলমূল, পানীয় জল ও বিভিন্ন দ্রব্য দান এবং মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বুদ্ধপূজা করা হয়। সকালে নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে বুদ্ধপূর্ণিমা উদ্যাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ।বৌদ্ধ মন্দিরে আসা শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী এ সময় পঞ্চশীল, অষ্টশীলসহ শীল গ্রহণ এবং বুদ্ধবন্দনা করেন। বিহারের ভিক্ষুর কাছে শোনেন ধর্মীয় দেশনা। এ সময় জগতের সব প্রাণীর এবং পৃথিবীর শান্তি ও মঙ্গল কামনা করা হয়।জাপানের সংগঠন ‘রিসো কোসে কাই’ নগরের সিআরবি এলাকা থেকে শোভাযাত্রা বের করে। এ ছাড়া বিকেলে লালখানবাজার মন্দিরে আয়োজন করা হয় সমবেত প্রার্থনা ও আলোচনা সভা। এতে অমরেশ বড়ুয়া বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। পূর্ণিমার এই দিনে মহাকারুণিক গৌতম বুদ্ধ জন্ম নেন। দীর্ঘ ছয় বছর কঠোর সাধনার পর একই দিনে বুদ্ধত্ব লাভ এবং ৪৫ বছর ধর্মপ্রচারের পর ৮০ বছর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেন গৌতম বুদ্ধ।