চট্টগ্রামে নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, বুদ্ধপূজা, ধর্মালোচনা, মোমবাতি প্রজ্বালন ও অষ্টশীলা গ্রহণসহ নানা আয়োজনে চট্টগ্রামে গতকাল বুধবার উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বুদ্ধপূর্ণিমা। নগরের বৌদ্ধবিহারগুলো সাজানো হয় দৃষ্টিনন্দন সাজে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল সকালে বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরের নন্দনকানন বৌদ্ধবিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। তিনি বলেন, জগতের সকল প্রাণীর কল্যাণ কামনায় গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। হিংসা-বিদ্বেষ নয়, তিনি অহিংসার জয়গান গেয়েছেন। জীব হত্যা থেকে বিরত থাকতে বলেছিলেন তিনি।

বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, জ্যেষ্ঠ সহসভাপতি আদর্শ কুমার বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, টিংকু বড়ুয়া, সংগীতশিল্পী তাপস কুমার বড়ুয়া, প্রবীর বড়ুয়া, সৌমিত্র বড়ুয়া, বৌদ্ধ সমিতি মহিলা শাখার সভাপতি পূরবী বড়ুয়া, সাধারণ সম্পাদক ববি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বৌদ্ধ সমিতি (যুব), বৌদ্ধ সমিতি (মহিলা), বাংলাদেশ বুড্ডিস্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, বুড্ডিস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপ, ত্রিরত্ন সংঘসহ বিভিন্ন সংগঠন ব্যানার-ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এতে ‘জগতের সকল প্রাণী সুখী হোক’, ‘অহিংসা পরম ধর্ম’, ‘মিত্রতা দ্বারা শত্রুকে জয় করা যায়’, ‘যুদ্ধ নয় শান্তি চাই’সহ নানা ব্যানার-ফেস্টুন শোভা পায়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নন্দনকানন বৌদ্ধবিহারে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন হয়। এরপর বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন, ফানুস ওড়ানো হয়। এ সময় নন্দনকানন বৌদ্ধবিহারে নর-নারীদের প্রচুর ভিড় দেখা যায়।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে নগরের কাতালগঞ্জ বৌদ্ধবিহার, দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারসহ অন্য বিহারগুলোতেও গতকাল দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।