চট্টগ্রামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদ্যাপিত
চট্টগ্রামে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে স্বাধীনতা দিবস। গত সোমবার প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এ সময় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সমবেত হন নানা পেশার মানুষ। প্রথম প্রহরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সালাম দেয়। এর মধ্য দিয়ে শুরু হয় জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গভীর রাত পর্যন্ত শহীদ মিনারে আসে জনতার মিছিল। শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাংসদ মঈন উদ্দীন খান, জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, পুলিশ কমিশনার আবুল কাশেম, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ প্রমুখ। এরপর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উত্তর জেলা আওয়ামী লীগ, হকার্স লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বন বিভাগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, জাসদ, জেলা আইনজীবী সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা, ন্যাপ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বরে। ভোরে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী, প্রমা, বোধন আবৃত্তি পরিষদ, প্রজন্ম একাত্তর, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংগঠন। সকাল আটটায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।