চট্টগ্রামে নানা বর্ণে বর্ণিল বর্ণমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে শিশুদের কলকাকলি। রং-তুলি, পেনসিল-কাগজ নিয়ে ব্যস্ত অনেকেই। কেউ আঁকছে শহীদ মিনার, কেউ লোক উৎসব, কেউবা আঁকছে স্বাধীন বাংলদেশের ছবি। মা-বাবার হাত ধরে আসা ছোট্ট শিশুটি ‘পৃথিবীর তাবৎ বিস্ময়’ নিয়ে দেখছে নানা আয়োজন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় (বাওয়া) মাঠে প্রথম আলো আয়োজিত ‘বর্ণমেলা’ অনুষ্ঠানের চিত্র এটি। সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। এ সময় শিল্পী, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল মনসুর, ফয়েজুল আজিম, কে এম এ কাইয়ুম, ঢালী আল মামুন, আহমেদ নেওয়াজ, অধ্যাপক মহীবুল আজিজ, খালিদ আহসান, নাসিমা আখতার, রওশন আরা চৌধুরী, আইভি হাসান, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। উদ্বোধনী বক্তব্যে মুশতারী শফী বলেন, ভাষা আন্দোলনের ত্যাগ এবং মুক্তিযুদ্ধে জীবনদানের শিক্ষা এ প্রজন্মকে বাংলা ভাষা চর্চার মধ্যে ধারণ করতে হবে। স্বাগত বক্তব্যে আবুল মোমেন বলেন, প্রথম আলো বরাবরই ভাষা এবং সাহিত্যের সমৃদ্ধির জন্য কাজ করে আসছে। নতুন প্রজন্ম যাতে সুষ্ঠু সাহিত্যচর্চা করে এবং এর প্রতি আকৃষ্ট হয় এই লক্ষ্যেই বর্ণমেলার আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। রক্তকরবীর জাতীয় সংগীত এবং ভাষার গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী মেলা প্রাঙ্গণজুড়ে ছিল বর্ণ নিয়ে নানা আয়োজন। বর্ণছবি, বর্ণসম্ভার, হাতেখড়ি, বর্ণশোভা, বর্ণে পোশাক, বর্ণে খাবার, বর্ণে জাদুঘর—এমনভাবেই বর্ণকে ঘিরে মেলার স্টলগুলোর নামকরণ করা হয়। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পরপরই শুরু হয় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। অংশগ্রহণকারী শিশুরা কাঁচা হাতে লিখতে থাকে, ‘মায়ের ভাষা বাংলা ভাষা’। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া, আইমন, শিউলি ও সুমাইয়া জানায়, এমন মেলা আগে কখনো তারা দেখেনি। বাংলা বর্ণ এবং ভাষার এমন মেলায় তারা বারবার আসতে চায়। প্রতিযোগিতার পাশাপাশি একই সময় হাতেখড়ি স্টলে চলতে থাকে শিশুদের হাতেখড়ি দেওয়ার পর্ব। শিশুদের হাতেখড়ি দেন শিল্পী, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা।মেলার মাঠে শিশুদের জন্য ছিল আরও নানা সব আয়োজন। শিশুদের দোল খাওয়ার জন্য মেলার এক কোণে ছিল নাগরদোলা। মাঠের ঠিক মাঝখানে রাখা মস্ত বর্ণ সাদা রঙের ‘অ’ কে রাঙিয়ে দেয় সবাই। এ ছাড়া শিল্পী জাহেদ আলী চৌধুরী, শায়লা শারমিন, তাসাদ্দুক হোসেন এবং মনজুর আহমদের করা বিভিন্ন স্থাপনাশিল্পে শিশুদের আঁকিবুঁকি চলে সারা দিন। শিল্পীরা একে বলছেন, ‘পারস্পরিক শিল্প’ (ইন্টার অ্যাক্টিভ আর্ট ওয়ার্ক)। কেননা, এই কর্মকাণ্ডে শিশুরাও অংশ নিয়েছে। প্রতিযোগিতা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শন করা হয় পাপেট শো। এর অন্যতম চরিত্র গিট্টু শিশুদের মাঝে তুলে ধরে বাংলা ভাষার জন্মকথা। ‘জননী বাংলা’ শিরোনামে প্রমা আবৃত্তি সংগঠনের ছিল বৃন্দ আবৃত্তি পরিবেশনা। ভাষা আন্দোলনের নাটক পরিবেশন করে নাটুয়া নাট্যদল। মেলার মঞ্চে আরও আয়োজন করা হয় চট্টগ্রামের আট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে শিশুরা পরিবেশন করে নাচ, গান এবং নাটিকা।বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করে অভ্যুদয়। লোকসংগীত গেয়ে শোনান গিরিজা রাজ বর। গণসংগীতে অংশ নেয় উদীচী শিল্পীগোষ্ঠী। জাদু প্রদর্শন করেন রাজীব বসাক।সারা দিনের অনুষ্ঠানের পর ফলাফল জানা এবং পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের আর যেন তর সইছিল না। প্রতীক্ষার পর অনুষ্ঠানের সঞ্চালক বিশ্বজিৎ চৌধুরীর মুখে নাম শুনে বিজয়ী শিশুদের মুখে দেখা দেয় আনন্দের ঝিলিক। মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলা শেষ হলেও সন্ধ্যার আগে বাড়ি ফেরার সময় সঙ্গে করে তার রেশ নিয়ে যায় শিশুরা।