চট্টগ্রামে নামছে নতুন রিকশা যানজট-দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গন্তব্যে যাওয়ার কথা বলতেই রিকশাচালক সূর্য হোসেন হেসে বলেন, ‘যাব, তবে জায়গাটা চিনিয়ে দেবেন। আর রেটমতো ভাড়াটাও দিয়েন।’এই কথা বলে সূর্য রিকশার প্যাডেল চাপেন। কিন্তু চাকা আর ঘোরে না। কারণ রাস্তায় তীব্র যানজট। যানবাহনের মধ্যে রিকশাই বেশি। নগরের কাজীর দেউড়ি মোড় এলাকার গতকাল শনিবার দুপুরের চিত্র এটি। সূর্য হোসেনের মতো ‘মৌসুমি চালক’দের কারণে এখন নগরের কোনো গ্যারেজেই রিকশা বসে নেই। নতুন চালকদের জন্য পুরোনো রিকশা মেরামত করে নামানো হচ্ছে রাস্তায়। সঙ্গে নামছে নতুনও। রিকশামালিক ও চালক সূত্রে জানা যায়, শহরতলির সীতাকুণ্ড, হাটহাজারী, পটিয়া ও আনোয়ারার গ্রামের রিকশাগুলো এখন শহরে আনা হচ্ছে। কারণ ঈদুল ফিতরের আগে শহরে রিকশাচালকদের আয়-রোজগার বেশি হয়। কত রিকশা নগরে চলাচল করে তার সঠিক পরিসংখ্যান নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। করপোরেশন থেকে সর্বশেষ রিকশার লাইসেন্স দেওয়া হয় ১৯৮৮ সালে। এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের যানবাহন পরিদর্শক আবুল মনসুর প্রথম আলোকে বলেন, শহরে তালিকাভুক্ত রিকশা ৩৫ হাজার। বাস্তবে রিকশার সংখ্যা অনেক বেশি।নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ বলেন, নগরে লাইসেন্সধারী রিকশা ৩৫ হাজার। এর বাইরে অন্তত দেড় লাখ রিকশা চলছে। এগুলো যানজটের অন্যতম কারণ। জানা যায়, রংপুর, গাইবান্ধাসহ উত্তর-দক্ষিণাঞ্চল থেকে ঈদুল ফিতর উপলক্ষে রোজগার বাড়াতে চট্টগ্রামে পাড়ি জমাচ্ছে লোকজন। তাঁদের কর্মসংস্থান জোগাচ্ছেন চট্টগ্রামের আমবাগান, বহদ্দারহাট, বাকলিয়া, সেগুনবাগান, আকবর শাহ, ওয়্যারলেস, হালিশহর, লালখান বাজার এলাকায় রিকশার গ্যারেজের মালিকেরা। আমবাগানের মধ্যেই আছেন ৩৬ জন রিকশার মালিক। প্রতি মালিকের সর্বনিম্ন ৫০টি থেকে সর্বোচ্চ ৩০০টি রিকশা রয়েছে। এসব রিকশা আগে দুই পালায় ভাড়া দেওয়া হতো। এখন ভাড়া দেওয়া হচ্ছে তিন পালায়। রিকশার মালিকেরা বলছেন, একটি নতুন রিকশা বানাতে খরচ পড়ে ১৪ থেকে ১৫ হাজার টাকা। তবে পাঁচ-সাত হাজার টাকার যন্ত্রপাতি কিনলে ভাঙাচোরা রিকশাও নতুন হয়ে যায়। আমবাগানের সানজিদা এক্সপ্রেসের মালিক মোহাম্মদ জামাল বলেন, আগে ৪০টি রিকশা ছিল। রমজানে আরও ১০টি রিকশা তৈরি করে ভাড়ায় খাটিয়েছি। চালকদের সবাই বিভিন্ন জেলা থেকে নতুন আসা।মো. হারিছ আসবাবের দোকানের কাজ ছেড়ে রিকশা চালাচ্ছেন। হারিছ বলেন, ‘ঈদ আসছে। টাকাপয়সা লাগবে। তাই রিকশা চালানো শুরু করেছি।’ নগরের নিউ মার্কেট ও রিয়াজউদ্দিন বাজারের আশপাশের এলাকা, চকবাজার, জিইসি মোড়সহ আশপাশে রিকশার জট লেগেই থাকে। নিউ মার্কেট এলাকায় গতকাল বিকেলে কেনাকাটা করতে এসে যানজটে আটকে পড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যে যানজটে পড়েছি, তাতে সময়মতো গন্তব্যে পৌঁছে ইফতার করতে পারব বলে মনে হয় না।’