চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের বৈশাখী পণ্য প্রদর্শনী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণকে ঘিরে চট্টগ্রামে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের আট দিনব্যাপী বৈশাখী পণ্য প্রদর্শনী ও বিক্রয় উৎসব। গতকাল শুক্রবার নগরের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি মাঠে এ উৎসব শুরু হয়।

চট্টগ্রাম উইমেন চেম্বার ও বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে এই পণ্য প্রদর্শনী উৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, রক্ষণশীল সমাজব্যবস্থার মধ্যেও চট্টগ্রামের নারী উদ্যোক্তারা অনেক এগিয়ে গেছেন। এটি অবশ্যই প্রশংসনীয়।

অনুষ্ঠানের সভাপতি কামরুন মালেক বলেন, চট্টগ্রামের সব শ্রেণির মানুষের জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম শাখার প্রথম সহসভাপতি সখিনা ইউসুফ, উইমেন চেম্বারের সহসভাপতি আইভি হাসান ও বৈশাখী মেলা কমিটির চেয়ারম্যান নিশাত ইমরান।

আয়োজকেরা জানান, বৈশাখী পণ্য প্রদর্শনী ও বিক্রয় উৎসবে ৪৩টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। ১৫ এপ্রিল উৎসবের সমাপনী হবে।