চট্টগ্রামে নারী নির্যাতন প্রতিরোধ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ মেলা। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে।বিভাগীয় তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নুরুল ইসলাম।এ উপলক্ষে মুসলিম ইনস্টিটিউটসংলগ্ন স্টুডিও থিয়েটার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এহছানে এলাহীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মো. আবু তৈয়ব। আলোচনা সভার বক্তারা বলেন, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব সৃষ্টি করতে হবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।