চট্টগ্রামে নারী পুলিশের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগে কর্মরত নারী পুলিশ সদস্যরা বাংলাদেশ পুলিশ উইমেন্স কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বুধবারের এ সভায় নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিতে পারলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পদে নারীরা আসতে পারবেন বলে বক্তারা অভিমত দেন। সভায় চট্টগ্রাম মহানগর পুলিশের ৩৫ জন এবং চট্টগ্রাম রেঞ্জের অধীন বিভিন্ন জেলার আরও ২৩ জন পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যরা মতবিনিময় সভায় অংশ নেন। বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের সভাপতি ও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রৌশন আরা বেগম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বক্তব্য দেন। মতবিনিময় সভায় নারী পুলিশ সদস্যরা খোলামেলাভাবে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন।আলোচনায় বক্তারা পুলিশের বিভিন্ন পর্যায়ে নারীর পদায়ন এবং যোগ্যতার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার, এআইজি (হাইওয়ে) আমেনা বেগম, উপকমিশনার (দক্ষিণ) আবদুল্লাহিল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার (টিটিএস, ঢাকা) শেহেলা পারভীন।