চট্টগ্রামে নারী পোশাক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকার একটি তুলার গুদাম থেকে এক পোশাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম লিপি আক্তার (২৩)। গতকাল সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। যে গুদাম থেকে লাশ উদ্ধার করা হয়েছে তার কাছেই একটি বাসায় ননদের সঙ্গে থাকতেন তিনি।

পুলিশ জানায়, কালুরঘাট এলাকার একটি পোশাক কারখানার কাজ করতেন তিনি। বছর খানেক আগে তাঁর বিয়ে হয়। স্বামী মালদ্বীপপ্রবাসী। রোববার রাতে তিনি বাসা থেকে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যান। রাতে আর বাসায় ফেরেননি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবু মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।