চট্টগ্রামে নারীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার শেরশাহ বাংলাবাজার এলাকায় আজ বুধবার লায়লা বেগম নামের এক নারীর শরীরে তাঁর স্বামী আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে লায়লার স্বামী মো. ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। 

লায়লাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎ​সক জানিয়েছেন, তাঁর শরীরের শতভাগ পুড়ে গেছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন প্রথম আলোকে জানান, মামলায় লায়লার বাবা মো. মোকলেস অভিযোগ করেছেন, লায়লা পরিবারের অমতে ইউসুফকে বিয়ে করেছেন। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল। বুধবার সকাল সাড়ে দশটার দিকে শেরশাহ বাংলাবাজার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় লায়লার গায়ে আগুন ধরিয়ে দেন ইউসুফ। এ কাজে ইউসুফের বাবা ও ভাই প্ররোচনা দিয়েছেন। আগুন দেওয়ার পর লায়লার চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওসি জানান, এ ঘটনায় করা মামলায় লায়লার স্বামী ইউসুফ, তাঁর বাবা কফিলউদ্দিন ও ভাই মো. আলীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের পর ইউসুফ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের দুই নম্বর মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় প্রায় অচেতন হয়ে পড়ে আছেন লায়লা। তাঁর মা রাবেয়া বেগম মাথার কাছে দাঁড়িয়ে বাতাস করছিলেন।
হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ জানান, আগুনে লায়লার শরীরের শতভাগ পুড়ে গেছে। তাঁর বাঁচার সম্ভাবনা কম।