চট্টগ্রামে নারীকে হত্যার দায়ে সাবেক স্বামীর কারাদণ্ড
চট্টগ্রামে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর আসামির উপস্থিতিতে এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ৩ অক্টোবর নগরের ইপিজেড থানার কলসীদীঘির মোড়ের বাদামতলী এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় পোশাকশ্রমিক রিনা বেগমকে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রিনার সাবেক স্বামী হাবিবুর রহমানকে ধরে পুলিশে সোপর্দ করেন। তিনি বলেন, নির্যাতন করায় রিনা তাঁর স্বামী হাবিবুরকে ওই বছরের ১৩ জুলাই তালাক দেন। এতে হাবিবুর ক্ষিপ্ত হয়ে রিনাকে হত্যা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর রিনার বোন রুবা খাতুন ইপিজেড থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরের বছরের ৫ অক্টোবর হাবিবুরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল রায় দেন।
মামলার বাদী রুবা খাতুন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।