চট্টগ্রামে নারীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলী এলাকার নিজ বাসা থেকে শামসুন নাহার (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শামসুন নাহারের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, মানসিক সমস্যা থাকায় গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে পুলিশ বলছে, এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে।
ডবলমুরিং থানার এসআই দুলাল কিশোর মজুমদার বলেন, নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম প্রথম আলোকে জানান, পরিবারের সদস্যরা পুলিশকে বলেছে, শামসুন নাহার মানসিক রোগী ছিলেন। গতকাল রাতে বাসার রান্নাঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করছে পুলিশ।
নিহতের বড় ছেলে মঞ্জুরুল কবির জানান, তাঁর মা মানসিক রোগী ছিলেন। এক মাস আগে ভারতে চিকিৎসা শেষে দেশে আনা হয় তাঁকে। চিকিৎসা করালেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। বাসায় কোনো এক ফাঁকে মা গলায় ছুরি চালিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন।