চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিস্টার্ড নার্সদের প্রথম শ্রেণির পদমর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত কলেজ ক্যাম্পাস থেকে প্রবর্তক মোড় পর্যন্ত মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সেখানে কিছু সময় সড়ক অবরোধ করেন। পরে আবার কলেজ ক্যাম্পাসে ফিরে যান। এই কর্মসূচিতে কলেজের প্রায় আড়াই শ শিক্ষার্থী অংশ নেন।
চট্টগ্রাম নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসান প্রথম আলোকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্স সম্পন্ন করেছে রেজিস্টার্ড নার্সরা। তাঁরা প্রথম শ্রেণির পদমর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু এখন পর্যন্ত এ দাবি বাস্তবায়ন করা হয়নি। দাবি আদায়ে সাতটি সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে আন্দোলন শুরু করেছেন।