চট্টগ্রামে নালা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন দক্ষিণ হালিশহর নিউমুরিং এলাকায় রেললাইনের পাশের নালা থেকে পোশাকশ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিহত শ্রমিকের নাম ইমরান মিয়া (৩২)। তিনি কুমিল্লা জেলার হোমনা থানাধীন সুভারামপুর গ্রামের মো. সুরুজ আলীর ছেলে। নগরের বন্দর এলাকার এমএলসি অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন ইমরান মিয়া।বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম স্থানীয় লোকজনের বরাত দিয়ে প্রথম আলোকে জানান, ইমরানের অন্য তিন ভাই একই কারখানায় কাজ করলেও তাঁরা আলাদা বসবাস করেন।উপপরিদর্শক (এসআই) শামীম আরও জানান, ধারণা করা হচ্ছে, রাতে মাতাল হয়ে নালায় পড়ে ইমরানের মৃত্যু হয়েছে। সকালে রেললাইনের পাশের নালায় মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।