চট্টগ্রামে নাশকতা ঠেকাতে পুলিশের নিরাপত্তাচৌকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধে নাশকতা ঠেকাতে গতকাল শনিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে নিরাপত্তাচৌকি বসিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দিনের বেলায় নগরের পরিস্থিতি স্বাভাবিক থাকে। সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কিছু ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সহিংসতা মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, ‘নগরের সিটি গেটের উত্তর প্রান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। দুর্বৃত্তরা ভাড়াটে বলে মনে হচ্ছে। হামলা চালিয়ে ওরা পালিয়ে যায়। তাই আমরা আকস্মিকভাবে নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছি।’
গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার চেষ্টা এবং মহাসড়কে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘মূল হোতাদের ধরতে অভিযান চলছে।’