চট্টগ্রামে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার
নাশকতার আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরে নাশকতামূলক হামলা হতে পারে—এমন তথ্য পাওয়া যায় গত বুধবার রাতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল ভোর থেকে নগরের প্রবেশপথ সিটি গেইট, কর্ণফুলী তৃতীয় সেতুর মাথা, অক্সিজেন ও কাপ্তাই সড়কের মাথা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এসব এলাকায় নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম নগরে নিরাপত্তা-ব্যবস্থা জোরদারের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘নাশকতার আশঙ্কায় নগরের ১২টি জায়গায় নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। নিয়মিত টহল পুলিশের সঙ্গে আরও তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিশেষ শাখা ও গোয়েন্দা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।’পুলিশ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।