চট্টগ্রামে নিউমার্কেটে ৫০০ ভরি স্বর্ণ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নিউমার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে গত বুধবার রাতে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। দোকানের মালিকের অভিযোগ, দোকানের দুই কর্মচারী এ চুরির ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে দোকানের দুই কর্মচারী আলী আজগর ও মো. মনসুর পলাতক রয়েছেন। জানা গেছে, আজগর ১০ বছর এবং মনসুর দুই বছর ধরে এই দোকানে কাজ করছিলেন। আজগরের বাড়ি ভোলার দৌলতখানে ও মনসুরের বাড়ি নোয়াখালীতে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। জানা গেছে, খাজা মডার্ন জুয়েলার্সের মালিক মরহুম হাজি মোজাহের সওদাগর। তাঁর সাত ছেলের মধ্যে চারজন স্বর্ণের ব্যবসা পরিচালনা করেন। তাঁরা হলেন—এস এম বাচ্চু, এস এম পারভেজ, এস এম মাইনুর ও এস এম তারেক। বাকি তিনজনের একজন যুক্তরাষ্ট্রে থাকেন এবং অন্য দুজন আছাদগঞ্জ ও আগ্রাবাদে ব্যবসা করেন।কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ভাইদের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে, নাকি কর্মচারীরা চুরি করেছে—তা আমরা খতিয়ে দেখছি।’ তবে দোকান পরিচালনাকারী চার ভাই দাবি করেন, দেড় বছর আগে একবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলেও পরে তা মিটে যায়। এখন তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই। দোকান মালিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে আটটার দিকে দোকানে ১২টি তালা লাগিয়ে কর্মচারী ও ব্যবস্থাপকসহ এস এম তারেক বাসায় চলে যান। আধা ঘণ্টা পর আজগর ও মনসুর দোকান খুলতে আসেন। এ সময় আশপাশের দোকানের কর্মীরা যাতে চুরির বিষয়টি বুঝতে না পারে, সে জন্য আজগর মুঠোফোনে কথা বলার ভান করে বলেন, ‘মামা (এস এম তারেক) দোকান খুলব?’ এর পরই দোকান খুলে দোকানের সব স্বর্ণ একটি ব্যাগে ভরে দোকানে তালা মেরে চলে যান তাঁরা।