চট্টগ্রামে নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলেছে
চট্টগ্রাম নগরের গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির বাসা থেকে গত সোমবার নিখোঁজ বজলুল কাদের চৌধুরীর (৪২) খোঁজ মিলেছে। মঙ্গলবার গভীর রাতে নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। বজলুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাসায় তাণ্ডব চালিয়ে তাঁকে অপহরণ করা হয়েছে। এই ঘটনার জন্য যুবলীগের নেতা মশিউর রহমান ওরফে দিদার ও তাঁর অনুসারীদের দায়ী করা হয়। মশিউরকে আসামি করে খুলশী থানায় মামলাও করেছেন বজলুলের বোন সাহিদা আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বজলুলকে নগরের অক্সিজেন মোড় এলাকায় পাওয়া যায়। পরে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। গতকাল বুধবার আদালতে বজলুলের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘নিখোঁজ ব্যক্তিটিকে উদ্ধার করা হয়েছে। বজলুল দাবি করছেন, তাঁকে অপহরণ করে একটি ঘরে আটকে রাখা হয়। বিষয়টা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। আমরা তদন্ত করে রহস্য উদ্ঘাটন করব।’ মশিউর বলেন, বজলুল অপহরণের নাটক সাজিয়ে নিজেই আত্মগোপন করেছেন। মামলার বাদী সাহিদা আক্তার বলেন, ‘আমাদের ঘরে মশিউরের অনুগত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমার ভাই বজলুলকে তুলে নিয়ে যায়। চোখের সামনে এই ঘটনা ঘটেছে।’