চট্টগ্রামে নিবন্ধন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দেশে নারী কর্মী নিয়োগের জন্য চট্টগ্রাম জেলার নিবন্ধন কার্যক্রম আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। ১৭ এপ্রিল পর্যন্ত চলবে নিবন্ধনের কাজ। তবে ১৪ এপ্রিল সরকারি ছুটি থাকায় সেদিন নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে নিবন্ধন চলবে। ১৯৫টি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র ও নগরের ৪১টি নগর তথ্যসেবাকেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এর পাশাপাশি নগরের আগ্রাবাদে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়েও নিবন্ধন কার্যক্রম চলবে। নিবন্ধন শেষে বাছাই করা নারী কর্মীদের হংকং, সিঙ্গাপুর, মরিশাস, জর্ডান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্র জানায়, এসব দেশে গৃহকর্মী, চিকিৎসা সহকারী, পোশাক কারখানার শ্রমিক, কৃষিকর্মী, অভ্যর্থনাকারী, ফল আহরণকারী ও বিক্রয়কর্মী পদে লোক নিয়োগ করা হবে।