চট্টগ্রাম নগরে নিবন্ধনহীন চার হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়াসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ করেছে অটোরিকশার মালিক ও শ্রমিকদের চারটি সংগঠন। গতকাল বেলা ১১টায় নগরের ডিসি হিলে সমাবেশ করার পর সংগঠনটির নেতারা আন্দরকিল্লায় নগর ভবনে যান এবং মেয়রকে স্মারকলিপি দেন। স্মারকলিপির অনুলিপি পুলিশ কমিশনার ও বিআরটিএর উপরিচালককেও দেওয়া হয়েছে।
ডিসি হিলের সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো ফোর স্ট্রোক ও সিএনজিচালিত মালিক সমিতির সভাপতি মো. আবুল কাশেম সরকার। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা ও সাধারণ সম্পাদক অলি আহমেদ, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিককল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন, বন্দরনগরী চট্টগ্রাম সিএনজি থ্রি-হুইলার বেবিট্যাক্সি মালিক সমিতির সভাপতি মো. নুরুল হুদা এবং চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।
ডিসি হিলের সমাবেশে বক্তারা বলেন, ব্যাংক থেকে ঋণ করে সিএনজিচালিত অটোরিকশা কেনা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি পুলিশ মিটারের অজুহাতে নিবন্ধনহীন চার হাজারের বেশি গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে নগরে আট হাজার চালক বেকার হয়ে গেছেন। মানবিক কারণে এসব গাড়ি চলাচলের দাবি জানান বক্তারা।
সমাবেশের পর ডিসি হিল থেকে একটি মিছিল নিয়ে পরিবহন মালিক ও শ্রমিকনেতারা মেয়রের কার্যালয়ে যান। সেখানে তাঁরা মেয়রকে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে চার হাজার অটোরিকশার নিবন্ধন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা, অটোরিকশা চলাচলের পৃথক নীতিমালা প্রণয়ন করা, নগরের বিভিন্ন জায়গায় অটোরিকশার স্ট্যান্ড নির্ধারণ না করা পর্যন্ত রাস্তার কোথাও পার্কিং করলে মামলা না করা, সরকার-নির্ধারিত ফির মাধ্যমে চালকদের লাইসেন্স দেওয়া এবং ‘জেলা ও হাইওয়ে’ মামলার নামে পুলিশের ঘুষ-বাণিজ্য বন্ধের দাবি জানানো হয়।
চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ প্রথম আলোকে জানান, চট্টগ্রাম নগরে বেশির ভাগ অটোরিকশা মিটারে চলে না। অথচ মিটার প্রবর্তন করার নামে গত ২ ফেব্রুয়ারি থেকে নিবন্ধহীন অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, ‘সরকার চাইলে চার হাজার অটোরিকশার নিবন্ধন দিতে পারে। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব পাবে। বেকার চালকদের দুঃখ ঘুচবে।