চট্টগ্রামে নিবন্ধনহীন অটোরিকশা বন্ধের দাবি ৩ সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের দাবিতে অটোরিকশা মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠনের মিছিল। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে থেকে তোলা l ছবি: প্রথম আলো
নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের দাবিতে অটোরিকশা মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠনের মিছিল। ছবিটি গতকাল চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে থেকে তোলা l ছবি: প্রথম আলো

নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের দাবিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে অটোরিকশা মালিক ও শ্রমিকদের তিন সংগঠন। পরে সংগঠনগুলোর নেতারা মিছিল নিয়ে পুলিশ কমিশনারের কাছে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন।
তিন সংগঠনের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম ও মহানগর সিএনজি-বেবিট্যাক্সি মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি হায়দার আজম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে মেট্রো পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলাল হোসেন, চট্টগ্রাম বেবিট্যাক্সি মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান প্রমুখ বক্তৃতা করেন।
সমাবেশে বক্তারা নিবন্ধনহীন অটোরিকশা চলাচল বন্ধসহ ছয়টি দাবি জানিয়ে বলেন, সুপ্রিম কোর্ট নিবন্ধনহীন গাড়ি চলাচল বন্ধের আদেশ দিয়েছেন। কিন্তু সেই আদেশ গোপন করে আরেকটি আদেশ এনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সদস্যরা অনিবন্ধিত অটোরিকশা রাস্তায় চালাচ্ছেন।

বক্তারা আরও বলেন, নম্বরবিহীন অটোরিকশা চালানো নিয়ে স্টিকার-বাণিজ্য ও চাঁদাবাজি চলছে। স্টিকার লাগিয়ে অটোরিকশা চালানোর বিনিময়ে মাসে মোটা অঙ্কের চাঁদাবাজি হয়। এসব বন্ধ করতে হবে। নইলে ৩০ মে চট্টগ্রামের কালুরঘাট থেকে বন্দর পর্যন্ত শত শত গাড়ি নিয়ে রোডমার্চ করা হবে।

অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে কাগজপত্র যাচাইয়ের নামে চাঁদাবাজি বন্ধ, নো-পার্কিংয়ের নামে মামলা বন্ধ, সহজ শর্তে চালকদের লাইসেন্স দেওয়া ও রোড পারমিটের নামে মামলা না দেওয়া।

সিএনজিচালিত নিবন্ধনহীন অটোরিকশা চলাচলে বাধা না দিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পুলিশ প্রশাসনের কাছে উচ্চ আদালতের আদেশ পাঠিয়েছে। সংগঠনের নেতারা আদালতের আদেশ মেনে অটোরিকশা চলাচলে বাধা না দিতে পুলিশকে অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম নগরে অনিবন্ধিত অটোরিকশা চলাচল করছে। এর বিরুদ্ধে নেমেছে চট্টগ্রাম ও মহানগর সিএনজি-বেবিট্যাক্সি মালিক ও চালক ঐক্য পরিষদ।