চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলার কোনো তথ্য না থাকলেও চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য পুলিশের কাছে না থাকলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকায় হোসেনি দালানে গ্রেনেড হামলা, যুদ্ধাপরাধীদের মামলার রায়সহ সামগ্রিক পরিস্থিতির কারণে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কোনো হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে কি না, প্রশ্নের জবাবে এ কে এম শহিদুর রহমান বলেন, চট্টগ্রামে কোনো হামলার তথ্য পুলিশের কাছে নেই। এরপরও নিয়মিত কর্মসূচির পাশাপাশি সামগ্রিক পরিস্থিতির কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, একই সঙ্গে নগরের ১৬ থানা ও ৩১টি ফাঁড়িতে সতর্ক অবস্থানে থাকতে পুলিশকে বলা হয়েছে। নগরের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ প্রায় ৫০টি স্থানে তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নগরের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় সরেজমিনে নগরের বিভিন্ন স্থানে দেখা গেছে, দায়িত্বরত পুলিশ সদস্যরা কোনো গাড়ির যাত্রীকে সন্দেহ করলে গাড়ি থেকে নামিয়ে জিনিসপত্র তল্লাশি করছে। নগরের লালখান বাজার মোড়, প্রবর্তক মোড়, চকবাজার, গণি বেকারি, চট্টেশ্বরী মোড় গ্রামার স্কুল ও সিআরবি এলাকায় গাড়ি তল্লাশি করতে দেখা গেছে। চট্টেশ্বরী মোড় গ্রামারের স্কুলের সামনে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালাচ্ছেন নগরের চকবাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, সকাল থেকে মোড়ে মোড়ে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহজনক গাড়িগুলো তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। কেন এ বাড়তি তল্লাশি জানতে চাইলে ফিরোজ আহমেদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সোমবার সকাল থেকে তল্লাশিচৌকি চলছে। নিয়মিত তল্লাশি চললেও সোমবার বাড়তি গুরুত্ব দিয়ে তল্লাশি চালানো হয়েছে।