নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, আদালত ভবন ও পুলিশের স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লোকজনকে তল্লাশি করে আদালত প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়।এদিকে জেলার সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ঘোড়ামারা এলাকার সাজ্জাদ হোসাইন গতকাল অভিযোগ করেছেন, তাঁকে সামাজিকভাবে হেয় করতে ও তাঁর সুনাম ক্ষুণ্ন করতে কেউ ওই চিঠিতে ‘আধুনিক কমান্ডার’ হিসেবে তাঁর নাম ব্যবহার করেছে। এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।সাজ্জাদ বলেন, তিনি একজন সমাজকর্মী। এলাকায় মহল্লা সরদার ও সরকারি নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। এ নিয়ে ক্ষুব্ধ কোনো পক্ষ ওই চিঠিতে তাঁর ও তাঁর বাবার নাম উল্লেখ করেছে। বিষয়টি তিনি সীতাকুণ্ড থানায় গিয়ে জানিয়েছেন।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘সাজ্জাদ হোসাইন থানায় এসে বিষয়টি জানিয়েছেন। আমরা তাঁকে অভয় দিয়েছি।’চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘জেএমবির সদস্য পরিচয় দিয়ে পাঠানো চিঠির উৎস সম্পর্কে পুলিশি তদন্ত চলছে। বিষয়টি খুব স্পর্শকাতর। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না। তবে আদালত ভবন, কারাগার, থানা ভবনসহ নগরের সর্বত্র আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’জেএমবির সদস্য পরিচয়ে ডাকযোগে পাঠানো একটি চিঠি গত বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক মো. রফিকুল কাদেরের কাছে আসে। চিঠিতে জেএমবির সাজাপ্রাপ্ত জঙ্গি আলাউদ্দিনসহ সব সদস্যকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের এবং কারাগার ও আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।কারা সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেএমবির ২৭ জন সদস্য বন্দী রয়েছেন। তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। কারাগারে বাড়তি পুলিশও মোতায়েন রয়েছে।