চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুরোদমে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ চলছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। স্থায়ী মন্দির আর পাড়া-মহল্লার অস্থায়ী মন্দিরে চলছে মণ্ডপ তৈরি ও আলোকসজ্জার আয়োজন। নগরের বিপণিকেন্দ্রগুলোতেও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ব্যস্ত পূজার কেনাকাটায়। এসব আয়োজন নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। পূজা ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গতকাল বুধবার থেকে নগরে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। পাশাপাশি যেসব মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ এবং গত মঙ্গলবার র্যা ব কর্মকর্তারা চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে বৈঠক করেছেন। নগরের সদরঘাট, দেওয়ানজী পুকুরপাড় ও গোয়ালপাড়ার কারিগরবাড়িতে প্রতিমা তৈরির কাজ শেষ হতে দেখা গেছে। এখন চলছে রং করার কাজ। কারিগরবাড়ির পাশাপাশি নগরের আরও কয়েকটি মণ্ডপেও চলছে প্রতিমা তৈরির কাজ।নগরের সদরঘাট এলাকার কারিগর দুই ভাই বাসুদেব পাল ও মহাদেব পাল। মহাদেব পাল প্রথম আলোকে বলেন, ‘সাধারণত অজন্তা ও বাংলা—এই দুই ধরনের প্রতিমা তৈরি হয়। এখন অজন্তা মূর্তির চাহিদা বেশি। অজন্তা মূর্তিতে প্রতিমা, অলংকার, শাড়ি—সবই তৈরি হয় মাটি ও রং দিয়ে। আর বাংলা প্রতিমায় শুধু মাটির মূর্তি তৈরি হয়। অন্যান্য উপকরণ বাজার থেকে কিনে নিতে হয়। এবার তৈরি ১৮টি মূর্তির মধ্যে সবই বিক্রি হয়ে গেছে।’ প্রায় শেষ পর্যায়ে মণ্ডপ তৈরি ও আলোকসজ্জার আয়োজন। নগরের হাজারী গলি, দেওয়ানজী পুকুরপাড়, বারিক বিল্ডিং, ঘাট ফরহাদবেগ, কৈবল্যধাম, নালাপাড়া, পাথরঘাটা এলাকায় ঐতিহ্যবাহী পূজার মণ্ডপ তৈরি শুরু হয়েছে। নগরে এবার ২২৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ৭০টি মণ্ডপকে গুরুত্বপূর্ণ চিহ্নিত করে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপগুলোতে পুলিশের প্রহরার পাশাপাশি ভ্রাম্যমাণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকবেন। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (সদর) বনজ কুমার মজুমদার বলেন, প্রতিটি মণ্ডপে দুজন পুলিশ ও ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দিনে ও রাতে টহল দল থাকবে। বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। প্রতিমা বিসর্জনের জন্য পতেঙ্গা ও পারকি সৈকতে আরও ৩৬০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা কমিটিগুলোতে স্থানীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বানও জানানো হয়েছে। মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তিমির বরণ চৌধুরী বলেন, ‘পূজার সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকেও আমরা নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছি। এখন নেওয়া নিরাপত্তাব্যবস্থায় আমরা সন্তুষ্ট।’ সিএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, নির্বিঘ্নে পূজা উদ্যাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।