কক্সবাজারের রামু ও দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় মন্দির ও বৌদ্ধবিহারে হামলার ঘটনায় চট্টগ্রাম মহানগরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। পালাক্রমে ২৪ ঘণ্টা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নগরের বিভিন্ন মন্দির ও বৌদ্ধবিহারে পাহারা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। একই সঙ্গে পুলিশ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সহযোগিতা নিচ্ছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, রামু ও পটিয়ার ঘটনার ধারাবাহিকতায় মৌলবাদী গোষ্ঠী যাতে আর কোনো অপতৎপরতা না চালাতে পারে, সেদিকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সঙ্গে নগরের বড় মন্দির ও বৌদ্ধবিহারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরের প্রতিটি অপরাধ অঞ্চলে (ক্রাইম জোন) পুলিশের উপকমিশনার, পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনাররা পালাক্রমে মন্দির ও বৌদ্ধবিহারের নিরাপত্তা নজরদারির নেতৃত্ব দিয়ে আসছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।নগর পুলিশের উপকমিশনার বনজ কুমার মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা নগরের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছি। বিশেষ করে নগরের কোতোয়ালি, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় মন্দির ও বৌদ্ধবিহারের সংখ্যা বেশি। ওই তিনটি থানা এলাকায় আমাদের বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা আমরা নিয়ে আসছি। এ কারণে নগরের অবস্থা শান্ত ও স্বাভাবিক রয়েছে। সবার সহযোগিতা নিয়ে আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হব।’এদিকে সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী যাতে অঘটন ঘটাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তাঁদের ধারণা, সরকারের মেয়াদের শেষ মুহূর্তে এসে মৌলবাদী গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে।নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, রাঙামাটির পর কক্সবাজারের রামু ও পটিয়ায় সহিংস ঘটনা পরিকল্পিত। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে এসব করছে। তাদের মদদ দিচ্ছে ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো। কিন্তু বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্মভীরু মানুষ আছেন। ধর্মান্ধদের স্থান নেই। যারা এসব করে ফায়দা লুটতে চায়, তাদের আইনের আওতায় এনে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।