চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা টানা ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিনে গতকাল বুধবার বন্দরনগর চট্টগ্রামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির নেতা-কর্মীরা বিএনপির নগর কার্যালয় নাসিমন ভবন চত্বরে পুলিশবেষ্টিত অবস্থায় সমাবেশ করেছে।
গতকাল সকাল থেকে নগরে বিপুলসংখ্যক যাত্রীবাহী যান চলাচল করেছে। এতে নগরের আগ্রাবাদ, বন্দরটিলা, জিইসি মোড়সহ বিভিন্ন মোড়ে যানজটের সৃষ্টি হয়। দোকানপাটও খোলা ছিল। চলেছে যাত্রীবাহী ট্রেনগুলো। তবে দূরপাল্লার কোনো গাড়ি নগর ছেড়ে যায়নি।
বিকেলে নাসিমন ভবন চত্বরে সমাবেশ করেছে বিএনপি। নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।
নাসিমন ভবন চত্বরের সমাবেশে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, সর্বদলীয় সরকারে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নেই। এই সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগণ এই নির্বাচন প্রতিহত করবে। এই সরকারেরও পতন ঘটাবে। সরকারের পতন ঘটানো না পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে যাবে না।