চট্টগ্রামে নির্ধারিত স্থানে কোরবানিতে আগ্রহ নেই

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের আসকারদিঘিপাড় এলাকায় শতদল ক্লাবের মাঠে কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছিল। এ জন্য মাঠের প্রবেশফটকের পাশের দেয়ালে একটি ব্যানারও ঝুলিয়ে দেয় সংস্থাটি। কিন্তু সেখানে করপোরেশনের কেউ ছিলেন না। নির্ধারিত স্থানের পরিবর্তে নিজেদের বাসার সামনে কোরবানির পশু জবাই দিতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অনেকের বাসার সঙ্গে মাঠের দূরত্ব ছিল মাত্র ২০ থেকে ৩০ ফুট।
শুধু শতদল ক্লাব মাঠ নয়, কোরবানির পশু জবাইয়ের জন্য সিটি করপোরেশন নির্ধারিত অন্যান্য স্থানেও একই চিত্র দেখা গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এবার নগরের ৪১টি ওয়ার্ডে ৩৬১টি জায়গা কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারণ করে দেয়। এসব স্থানে কোরবানির পশু জবাই দিতে গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলন করে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ শনিবার কোরবানির দিন নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের নামাজ শেষে কোরবানির পশু জবাই শুরু হয়। নগরবাসী নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই দেয়নি। স্পটগুলোয় কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় লোকবলও রাখেনি করপোরেশন। শুধু ব্যানার টাঙিয়ে দায় সেরেছে সংস্থাটি। কোথাও কোথাও তাও টাঙানো হয়নি। নগরবাসীর কেউ নিজেদের বাসার সামনের খালি জায়গায়, কেউ ভবনের সামনের সড়কে কোরবানির পশু জবাই দেন। পশু জবাইয়ের পর পানি দিয়ে রক্ত ধুয়ে দিতে দেখা যায়।
নগরের আসকারদিঘি এলাকার বাসিন্দা শওকত ওসমান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বাসার সামনেই কোরবানির পশু জবাই দিয়ে আসছেন। আর করপোরেশনের নির্ধারিত স্থানে পশু নিয়ে যাওয়া এবং জবাইয়ের পর মাংস নিয়ে আসা অনেক ঝামেলার। তাই নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই দেওয়ার ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই।
নগরের এস এস খালেদ সড়কের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের খোলা জায়গাও কোরবানির পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছিল। কিন্তু সকাল সাড়ে আটটায় সেখানে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ফটক বন্ধ। বাইরে একটি ব্যানার ঝুলিয়ে দিয়েছে সিটি করপোরেশন। কিন্তু করপোরেশনের কোনো লোক ছিল না। কেন্দ্র থেকে ১০০ ফুট দূরে দুটি ভবনের সামনে কোরবানির পশু জবাই করা হয়।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী ওমর ফারুক বলেন, ‘বাসার সামনে কোরবানির পশু জবাই দেওয়া আমাদের দীর্ঘদিনের রীতি। আর প্রতিবেশীরাও সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে যেতে আগ্রহী না। তাই সবাই মিলে বাসার সামনেই কোরবানির পশু জবাই দিই। আর পানি দিয়ে রক্ত সঙ্গে সঙ্গে ধুয়ে দিই।’
নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যাপারে নগরবাসীর অনাগ্রহের বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটি সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ। তিনি বলেন, কোরবানির সঙ্গে মানুষের ধর্মীয় আবেগ জড়িত। আর নির্ধারিত স্থানে পশু জবাই বাধ্যতামূলক নয়। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য যে পরিমাণ লোকবল দরকার, তা করপোরেশনের নেই।
তবে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই দেওয়া হলে কোরবানির বর্জ্য অনেক কম সময়ে ও সহজে পরিষ্কার করা যেত বলে জানান শৈবাল দাশ। তিনি বলেন, এরপরও সন্ধ্যার আগেই সব ধরনের বর্জ্য পরিষ্কারের প্রস্তুতি নিয়ে রেখেছে সিটি করপোরেশন। সকাল ১০টার পর থেকে পরিচ্ছন্নতা বিভাগ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।