চট্টগ্রামে নির্বাচন বর্জন করল বিএনপি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছে বিএনপি। আজ বেলা সোয়া ১১টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করে নগর বিএনপির সভাপতি ও বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী। নগরের দেওয়ানহাটে মনজুরের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সম্মেলন ডাকা হয়।
আমীর খসরু অভিযোগ করে বলেন, যেখানে সরকারি কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সদস্যরা মিলে নির্বাচনের দায়িত্ব নিয়েছে সেখানে জনগণের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব না। আমরা এ ভোট বর্জন করলাম। ৮০ শতাংশ কেন্দ্রে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। পুলিশ কাউকে এসব কেন্দ্রে ঢুকতে দেয়নি। বাংলাদেশের ইতিহাসে এত সন্ত্রাসী এক জায়গায় জড়ো হতে দেখেনি। একদিকে পুলিশের নিপীড়ন, হয়রানি, মামলা, অন্যদিকে দলীয় সন্ত্রাসীদের দাপট। দাপটে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরকারি কর্মকর্তারা কেউ কেউ সহযোগিতা করেছে সন্ত্রাসীদের আর কেউ নীরব ভূমিকা পালন করেছে। এরা যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।
মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম প্রায় সব কেন্দ্র দখল হয়ে গেছে অভিযোগ করে বলেন, ‘আমি রাজনীতি থেকে অবসর নিলাম।’