চট্টগ্রামে নির্বাচনী ট্রাকে বোমা হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু হানিফের নির্বাচনী প্রচারণার সময় গাড়িতে হাতবোমা হামলার ঘটনায় ছাত্রশিবির ও ছাত্রদলের ৩২ নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ছাত্রশিবিরের মহানগর দক্ষিণের সভাপতি এইচ এম সোহেল ও সাধারণ সম্পাদক নুরুল হক, ছাত্রশিবির মহানগর উত্তরের সভাপতি আ ম ম মশরুর হোসাইন, নগর যুবদলের সভাপতি কাজী বেলালসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করা হয় বলে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উত্পল বড়ুয়া।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় অবরোধ চলাকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু হানিফের নির্বাচনী প্রচারণার সময় তাঁদের ট্রাক লক্ষ্য করে বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এ ছাড়া সময় টেলিভিশনের গাড়িসহ পাঁচ-ছয়টি গাড়িতে ভাঙচুর ও হাতবোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় তিনজন আহত হন।

গতকাল রাতে নগরের সিটি গেইট, হালিশহর, কর্নেল হাট ও আশপাশের এলাকা থেকে ছয় বিএনপি ও জামায়াত-কর্মীকে আটক করেছে পুলিশ। সহিংসতা ও নাশকতার অভিযোগে তাঁদের আটক করা হয়। সিটি গেইট ও কর্নেল হাট এলাকায় অবরোধের সময় সংঘটিত ভাঙচুর ও সহিংসতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত জানান।