চট্টগ্রামে নির্বাচনে উৎকণ্ঠার সঙ্গে ছিল বিড়ম্বনাও
বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় কেন্দ্র। সকাল পৌনে ১০টায় হাতে জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোটকেন্দ্রে আসেন অরুণ দত্ত। ভোটের ক্রমসংখ্যা জানা নেই তাঁর। কেন্দ্রের পাঁচটি বুথের প্রতিটিতে ঘুরলেন। কিন্তু তালিকায় নাম খুঁজে পেলেন না। হতাশ হয়ে জানালেন, ভয় লাগলেও ভোট দিতে বের হয়েছেন। কিন্তু কেন্দ্র খুঁজে পাচ্ছেন না। বেলা ১১টায় দেখা গেল চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার ভোটার ৬৯ বছর বয়সী পাকিজা খাতুন ভোটার আইডি কার্ড নিয়ে ঘুরছেন, কিন্তু কেন্দ্র খুঁজে পাচ্ছেন না। সখী রানী জলদাশ নামে আরেক ভোটার বলেন, ভোট পচাইয়া লাভ কী? তাই কেন্দ্র খুঁজে বের করতে এলাকা ঘুরে বেড়াচ্ছি।
নগরের সব কেন্দ্রের এটি ছিল সাধারণ চিত্র। ভোটার তালিকার নম্বর জানতে না পারায় গতকাল অনেকে ভোট দিতে পারেননি। অনেককেই নানা বিড়ম্বনা পেরিয়ে ভোট দিতে হয়েছে। স্বল্পসংখ্যক ভোটারের মধ্য যাঁরা আগেই ক্রমসংখ্যা পেয়েছেন, তাঁরা ছিলেন ভাগ্যবান। ভোট দেওয়ার জন্য তাঁদের লাইন ধরতে হয়নি। তবে বিড়ম্বনায় পড়েছিলেন তাঁরা, যাঁরা প্রার্থীদের পাঠানো ভোটার স্লিপ পাননি।
জানা গেছে, ভোটার কোন কেন্দ্রে এবং কত নম্বর বুথে ভোট দেবেন, সেটি জেনে নেওয়ার দায়িত্ব ভোটারদের। কিন্তু নির্বাচনী রেওয়াজ অনুযায়ী এত বছর প্রার্থীরাই নিজ উদ্যোগে ভোটারদের বাড়ি বাড়ি স্লিপ সরবরাহ করে এসেছেন। একাধিক প্রার্থীর কাছ থেকে ভোটার স্লিপ পাওয়াটা একরকম রীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবারই ব্যতিক্রম। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এবং ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ ভোটারই এবার প্রার্থীদের কাছ থেকে ভোটার স্লিপ পাননি। নির্বাচনে প্রতিযোগিতা না থাকায় প্রার্থীরা উদাসীন ছিলেন বলে মন্তব্য করেন অনেক ভোটার। তবে মহাজোটের প্রার্থীর কয়েকজন পোলিং এজেন্ট বিষয়টি স্বীকার করেননি।