চট্টগ্রামে নিষিদ্ধ করার প্রস্তাব তিন বছর ধরে ঝুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছরের পুরোনো বাস, ২৫ বছরের পুরোনো ট্রাকসহ পণ্যবাহী যান ঢাকায় চলাচল নিষিদ্ধ করেছে সরকার। একই ধরনের ব্যবস্থা নিতে চট্টগ্রামের আঞ্চলিক সড়ক পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল তিন বছর আগে। কিন্তু সেটা অনুমোদন পায়নি। এ কারণে চট্টগ্রামে ২০ বছরের পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক চলাচল করছে। জানা গেছে, প্রতি জেলায় যানবাহন পরিস্থিতির ওপর নজরদারি ও সিদ্ধান্ত নিতে পুলিশ, বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ), নাগরিক প্রতিনিধি ও বিশেষজ্ঞ গবেষকের সমন্বয়ে আরটিএ গঠন করা হয়। ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত আরটিএ চট্টগ্রাম মেট্রোপলিটন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও পরিবেশ দূষণ রোধে ২০ বছরের পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরোনো ট্রাক-পিকআপ নগরে চলাচল বন্ধের ব্যবস্থা নেওয়া হবে। ওই বছরের ৩০ অক্টোবর এ নিয়ে একটি প্রস্তাব বিআরটিএর মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই প্রস্তাব অনুমোদনের জন্য তিন বছরে চট্টগ্রামের বিআরটিএ কার্যালয় থেকে অন্তত চার দফায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় চলাচলকারী লক্কড়-ঝক্কড় গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন অথবা সরকারি নির্দেশনা দরকার।’বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৯০ সালের আগে নিবন্ধন নেওয়া ট্রাক ও পিকআপের সংখ্যা ছিল নয় হাজার ১৫২টি। এর বেশির ভাগ এখনো নগরে চলাচল করছে। বিআরটিএর একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমাদের হিসাবে বর্তমানে নগরে যেসব ট্রাক চলাচল করছে, তার মধ্যে অন্তত ৮০০টির বয়স ২৫ বছরের বেশি।’ ২৫ বছরের বেশি পুরোনো কিছু ট্রাক নগরে চলাচলের বিষয়টি স্বীকার করে ওই কর্মকর্তা বলেন, ‘অন্য জেলায় নিবন্ধন নেওয়া কিছু লক্কড়-ঝক্কড় ট্রাক এখানে চলাচল করছে।’সূত্রমতে, ১৯৯০ সালের আগে চট্টগ্রামে চলাচলের জন্য প্রায় পাঁচ হাজার বাস-মাইক্রোবাস নিবন্ধন নেয়। সে সময় মিনিবাসের তেমন প্রচলন ছিল না। ১৯৯০ সালের পর ১০ বছরে প্রায় তিন হাজার বাস-মিনিবাস নিবন্ধন নেয়।