চট্টগ্রামে নিষেধাজ্ঞা ভঙ্গ করে মিছিল, পুলিশের লাঠিপেটা

সভা সমাবেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে মিছিল বের করে বিএনপির ৩০-৩৫ জন নেতা-কর্মী। তাঁরা তিনটি গাড়িও ভাঙচুর করে। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
পরে মিছিল থেকে চট্টগ্রাম জাতীয়তাবাদী মহিলা দলের জেসমিন ইসলাম, সখিনা খাতুনসহ পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মিছিলটি মেহেদীবাগ থেকে কাজীর দেউরি যাওয়ার পথে আলমাস সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
আজ নগরের ওয়াসা মোড়ে ১৮ দলীয় জোটের সমর্থক পেশাজীবীদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল। ফলে সকাল থেকেই সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার আমাদের গণতান্ত্রিক অধিকার হরন করেছে। আমরা সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে মিছিল করেছি। পুলিশ আমাদের মিছিলে লাঠিচার্জ করেছে। সরকার সমস্ত অধিকার হরন করলেও শেষ রক্ষা হবে না।’
চট্টগ্রামের মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গ করে মিছিল করায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।