জামায়াতে ইসলামীর আরও দুই শীর্ষ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা যেকোনো দিন হতে পারে। এ নিয়ে চট্টগ্রামে নাশকতা বা অস্থিরতা এড়ানোর জন্য স্থানীয় পুলিশ সতর্ক আছে। এ জন্য চট্টগ্রাম নগরে ১২টি থানার পুলিশের পাশাপাশি বাড়তি আরও আট প্লাটুন পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও পাঁচ প্লাটুন পুলিশ।জামায়াতের শীর্ষস্থানীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার শুনানি ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী যেকোনো দিন তাঁদের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হতে পারে। রায় ঘোষণার আগে চট্টগ্রামসহ সারা দেশে জামায়াত-শিবির ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে পুলিশের কর্মকর্তারা মনে করছেন। এ কারণে চট্টগ্রাম নগর ও শহরতলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনার ধারণ করা ভিডিও ফুটেজ ধরে আমরা মিছিল থেকে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। এতে প্রতিদিন দু-একজন গ্রেপ্তার হচ্ছে।’