চট্টগ্রামে নেতাদের মেজবান
ঈদ উপলক্ষে চট্টগ্রামের বিএনপি ও আওয়ামী লীগের নেতারা গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী মেজবানের আয়োজন করেন। এতে দলীয় নেতা-কর্মী ছাড়াও সংশ্লিষ্ট নেতাদের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
বিএনপির সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আওয়ামী লীগের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এই মেজবানের আয়োজন করেন। এ ছাড়া নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনও একটি কমিউনিটি সেন্টারে মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল ও বুধবার তাঁর মেহেদীবাগের বাড়িতে মেজবানের আয়োজন করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সারা বছর আন্দোলন-সংগ্রামে আমাদের নেতা-কর্মীরা ক্লান্ত থাকে। ঈদ উপলক্ষে আমরা সবাই একটু বিনোদন খোঁজার চেষ্টা করি। তাই তিনটি গরু ও চারটি ছাগল জবাই করে আমরা আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। আসলে এটা ছিল আমাদের নেতা-কর্মীদের মিলনমেলা।’
সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে বছরের বিভিন্ন সময়ে মেজবানের আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে এবার একটু বাড়তি আয়োজন ছিল। বুধবার কয়েক শ নেতা-কর্মীর পদচারণে মুখরিত ছিল চশমা হিলের বাসভবন। মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘রাজনীতি করি জনগণের জন্য। সাধারণ নাগরিকেরা আমাকে পথ চলতে উৎসাহ জোগায়। তাই ঈদ উপলক্ষে মেজবানের আয়োজন ছিল। আমার নেতা-কর্মী ছাড়াও সাধারণ নাগরিকেরা তাতে শামিল হন।’
চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বুধবার নগরের চকবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে নগরের ৪১টি ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শাহাদাৎ হোসেন বলেন, ‘আগামী আন্দোলন-সংগ্রামে আমরা সবাইকে কাজে লাগাতে চাই। তাই ৪১ ওয়ার্ডের নেতা-কর্মীদের মিলনমেলার আয়োজন করি।’