চট্টগ্রামে নৌযান জব্দ, জরিমানা
নিষেধাজ্ঞা সত্ত্বেও সাগরে মাছ ধরতে যাওয়ার সময় গতকাল রোববার একটি নৌযান জব্দ করে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত জেলি ঢুকিয়ে গলদা চিংড়ি বিক্রির সময় দুই বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করেন। চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
জব্দ করা নৌযান এফ ভি আল আমীন বন্দরের বহির্নোঙরে যাওয়ার সময় পতেঙ্গা থেকে জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নৌযানের নাবিক মো. ইসমাইলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
কামাল উদ্দিন চৌধুরী বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় অন্য কোনো মাছ ধরার জন্য জালও ফেলা যাবে না। তাই নৌযানটি জব্দ করা হয়। পাশাপাশি জেলিযুক্ত গলদা চিংড়ি বিক্রির দায়ে বদিউল আলম ও মো. খোরশেদ নামে কর্ণফুলী মার্কেটের দুই বিক্রেতাকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। তাঁদের কাছে থাকা ১৫ কেজি চিংড়িও ধ্বংস করা হয়েছে।